প্রিন্ট এর তারিখঃ Feb 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 8, 2026 ইং
বদলগাছী- মহাদেবপুর আসনে জামায়াতের প্রার্থী নির্বাচিত হলে কোন বৈষম্য থাকবেনা

দেবাশিষ কুমার দাস
জেলা প্রতিনিধি, নওগাঁ
৪৮-নওগাঁ-০৩ বদলগাছী-মহাদেবপুর আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান বলেন আমি নির্বাচিত হলে এলাকায় কোন ধরনের দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য রাখা হবে না। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি। মাওলনা মাহফুজুর রহমান বলেন, জনগণের অধিকার রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমার রাজনীতির একমাত্র মূল লক্ষ্য।
০৮-০২-২০২৬ ইং তারিখ রবিবার বিকাল ৪ টায় বদলগাছী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ বঞ্চনার শিকার। নির্বাচিত হলে আমি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করব। ৫ আগস্টের পর আপনারা দেখেছেন কোনদল চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধান্দাবাজি, দখলবাজি, ফাঁপরবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমরা তা করিনি বা কখনও তা করবো না। আমি নির্বাচিত হলে কোনো দলীয়করণ নয়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধান্দাবাজি, দখলবাজি নয়, ফাঁপরবাজি নয়, কোনো স্বজনপ্রীতি নয়, শুধু ন্যায় ও জবাবদিহিতার রাজনীতি এবং কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করা হবে।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ইসলামী রাজনীতির আদর্শের পরিপন্থী। আমি কথা দিচ্ছি, ক্ষমতার অপব্যবহার নয়, বরং জনগণের সেবাই হবে আমার একমাত্র কাজ।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার আমীর মোঃ ইয়াসিন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার নায়েবে আমীর সহকারী অধ্যাপক মাওলানা মোঃ ইলিয়াস হোসেন ও আহসান হাবীব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও বদলগাছী-মহাদেবপুর আসনের আসন পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. আবু সাঈদ, নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. নাসির উদ্দীন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ হাফিজ।
এ ছাড়াও অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলার সাবেক আমীর শ্রমিক কল্যাণ ফেডারেশন ও নওগাঁ জেলা শাখার সহসভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, এনসিপির বদলগাছী উপজেলা শাখার সভাপতি মোঃ ছবদুল ইসলাম, জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার নায়েবে আমীর আঃ সামাদ এবং বদলগাছী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান স. ম. ফজলুল হক (বাচ্চু)।
সভায় বক্তারা বলেন, বদলগাছী ও মহাদেবপুরের উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ রক্ষায় সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে বিভিন্ন শ্লোগান সহ ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24